Mission মাদক!
সালটা ২০২৩,২৬ জানুয়ারি। একটি গোপন সূত্রে খবর মেলে যে, আসামের দিমাপুর থেকে প্রচুর পরিমাণ গাঁজা নিয়ে একটি গাড়ি দুর্গাপুরের দিকে রওনা দিয়েছে। খবর পাওয়া মাত্রই সাঁইথিয়া থানার সাব- ইন্সপেক্টর পলাশ কুমার দত্ত অত্যন্ত তৎপরতার সাথে গাড়িটিকে আটক করেন এবং তৎক্ষণাৎ সাঁইথিয়া থানায় একটি মামলা রুজু করেন।
মামলার তদন্তভার গ্রহণ করেন ওই থানার সাব-ইন্সপেক্টর আবু আখের। তিনি ঘটনাটি খতিয়ে দেখে যথাযোগ্য তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতার করেন এবং সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে নিখুঁত চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত— আসিকুল ইসলাম, গুরবিন্দার সিং, চন্দনদীপ সিং এবং সেখ তাজিউদ্দিনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ লক্ষ টাকা জরিমানা সহ ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@BirbhumPolice
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।
প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। একটি একটি করে গাছ মিলেই গড়ে উঠবে সবুজে মোড়া এক সুন্দর পৃথিবী, যা আগামী প্রজন্মের জন্য নিশ্চিত করবে একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ।
বিশ্ব পরিবেশ দিবসে পুরুলিয়া জেলা বন দপ্তরের উদ্যোগে “একটি গাছ মায়ের নামে” কর্মসূচি পালিত হয়। জেলা শাসক শ্রী সুধীর কোন্তম, আই.এ.এস. ও পুলিশ আরক্ষাধ্যক্ষ শ্রী বৈভব তিওয়ারি, আই.পি.এস. সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরেন।
JENPAS (UG) - 2026, JEPBN - 2026 and JEMScN - 2026 Examinations conducted by WBJEEB are scheduled to be held on 07.06.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safe custody of the confidential documents of the examination and convenience of the candidates.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations.
"সবুজ পৃথিবীর লক্ষ্যে পুরুলিয়া জেলা পুলিশ।"
আজ 'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে বেলগুমা পুলিশ লাইনসহ জেলার বিভিন্ন থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। একটি সুস্থ ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আসুন, প্রকৃতির সুরক্ষায় আমরা সবাই একসাথে হাত মেলাই।
০৪.০৬.২০২৬ তারিখে গোপন সূত্রের ভিত্তিতে তুলিন আউটপোস্ট পুলিশ পুরুলিয়া–রাঁচি রোডে একটি অটোরিকশা আটক করে প্রায় ৭.৬৫ কুইন্টাল স্টিম কয়লা জব্দ করে। বৈধ নথি দেখাতে না পারায় চালককে গ্রেফতার করা হয়েছে। অবৈধ কয়লা পাচারের উৎস ও গন্তব্য জানতে তদন্ত চলছে।
প্রতারণার ফাঁদ থেকে সাবধান!
সম্প্রতি একটি নতুন ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে অপরাধীরা। বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেদের পুলিশ, আইনজীবী, সরকারি ও রাজনৈতিক সংস্থার বা দলের প্রতিনিধি বলে পরিচয় দিচ্ছে তারা। তারপর জানতে চাইছে— আপনার নামে কোনো থানায় মামলা বা অভিযোগ আছে কিনা! এরপর সেই আইনি ঝামেলাটি তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে UPI, ব্যাঙ্ক ট্রান্সফার বা অন্যান্য অনলাইন মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করছে।
মনে রাখবেন ফোনে কোনো আইনি রফা হয় না! কোনো থানা বা আদালত ফোনে টাকা নিয়ে কোনো মামলা নিষ্পত্তি করে না। এই ধরনের ফোনকল, মেসেজ বা টাকা চাওয়ার ঘটনা সম্পূর্ণ ভুয়ো এবং বেআইনি।
এই ধরণের ফোন আসলে ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না। কোনো অবস্থাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। প্রয়োজনে কলের নম্বর, কল রেকর্ডিং এবং স্ক্রিনশট রাখুন। নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন। এছাড়াও হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করে অভিযোগ জানাতে পারেন।
মনে রাখবেন একটা ছোট ভুল আপনাকে বড় আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন।
@MedinipurSp
বধূ নির্যাতনে সাজা ঘোষণা
মুর্শিদাবাদ পুলিশ জেলার খরগ্রাম থানার পুনিয়া এলাকার ঘটনা। বাবু দাস বিয়ে করে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে। বিয়েতে সাধ্যমত পণের সামগ্রী দিয়ে মেয়েকে বিয়ে দেন অসহায় বাবা। তবুও, সংসার শুরুর কিছুদিনের মধ্যেই নববধূর উপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। স্বামী, শ্বশুর, শাশুড়ি– কেউ বাদ দিত না নির্যাতন। অশান্তি আর অত্যাচারে জটিল হয়ে ওঠে দাম্পত্য।
এমনই একদিন, ঝামেলার পর, শশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় মেয়েটি। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যান তিনি।
এরপর, মেয়েটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় খড়গ্রাম থানায়। তদন্তভার বর্তায় যথাক্রমে দুই তৎকালীন সাব-ইন্সপেক্টর, বর্তমানে ইনস্পেক্টর, বাবিন মুখার্জী ও তন্ময় ভক্তের উপর। তাঁদের তত্ত্বাবধানে অভিযুক্ত বাবু দাস, ভানু দাস ও সাগর দাসকে গ্রেফতার করে পুলিশ। সবশেষে, মামলার অন্তিম তদন্তকারী অফিসার, তৎকালীন সাব-ইন্সপেক্টর, পার্থ সারথী দে তদন্ত শেষে নিশ্ছিদ্র চার্জশীট জমা করেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সম্প্রতি মহামান্য আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বাবু দাস ও ভানু দাসকে ১০ বছরের কারাদণ্ড সহ প্রত্যেককে ১০,০০০/- টাকা জরিমানার আদেশ দিয়েছেন। পাশাপাশি, অন্য আর এক অভিযুক্ত সাগর দাসকে ৩ বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশও দিয়েছেন আদালত।
@SPMurshidabad
বলরামপুর থানার পুলিশ ২/৩ জুন ২০২৬ রাতে কেন্দাদিহ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ সিএফটি অবৈধ বালুভর্তি একটি মাহিন্দ্রা ট্র্যাক্টর-ট্রলি জব্দ করে।বালুটি তেলাই গ্রামের কাছে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা হয়েছিল।ঘটনায় চালক ও মালিকে গ্রেফতার করে মামলা দায়ের করে তদন্ত চলছে।
পুরুলিয়ার গোবিন্দপুর মোড় এলাকায় DEB ও পাড়া থানার যৌথ অভিযানে অবৈধ এলপিজি রিফিলিং চক্রের হদিশ মেলে গ্যাস সিলিন্ডার, নজল ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বৈধ লাইসেন্স বা নথি না থাকায় পাড়া থানায় মামলা রুজু হয়েছে এবং চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
নাবালিকাকে যৌন নির্যাতন: যাবজ্জীবন কারাবাস দোষীদের
২০২১ সালের ২৪ এপ্রিল। বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে নাবালিকাকে বিভিন্ন কৌশলে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় মানব রায় ও বিশ্বদেব রায় নামের দুই অভিযুক্ত। ঘটনাটি জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত ময়নাগুড়ি থানার।
বিষয়টি পরিবারের নজরে আসা মাত্রই ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর মনিভূষণ রায় তৎক্ষণাৎ তদন্তে নেমে গ্রেফতার করেন অভিযুক্তদের। এরপর সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে অভিযুক্তদের বিরুদ্ধে দাখিল করেন চার্জশীট।
মামলার রায় ঘোষণা হয়েছে সদ্য। মহামান্য আদালত দুই অভিযুক্তকেই ৩০,০০০/- টাকা অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
যদিও কোনও ক্ষতিপূরণই যথার্থ নয়, তবু, মহামান্য আদালত মানবিক দিক বিবেচনা করে নাবালিকার পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
যৌন নির্যাতনের মত এহেন ঘৃণ্য কাজের যথাযোগ্য শাস্তি পেয়েছে অভিযুক্তেরা।
@JPG_Police
ঝালদা থানায় দায়ের হওয়া একটি মোটরসাইকেল চুরি মামলার তদন্তে পুলিশ তিনজন অভিযুক্ত-শেখ আসিফ রাজা, কুদ্দুর কুমার ও শেখ ইমরোজকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোট ৯টি চোরাই দু’চাকা যানবাহন উদ্ধার হয়েছে। মামলার তদন্ত এখনও অব্যাহত রয়েছে।
পুরুলিয়া জেলার বরাবাজার থানার পুলিশ পুইজাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩২০ লিটার পেট্রোল ও ডিজেল উদ্ধার করে। এ ঘটনায় গণেশ মাহাতকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত করে মামলা রুজু করা হয়েছে।
সদ্যজাত সন্তানকে হত্যা— যাবজ্জীবন কারাদণ্ড বাবা-মায়ের!
হুগলী গ্রামীণ জেলা পুলিশের পাণ্ডয়া থানার বৈঞ্চি গ্রাম। সেখানেই বয়ে চলেছে মারি খাল। ওই খালের জলেই হঠাৎ একদিন একটা শিশুর মৃতদেহ ভাসতে দেখে এলাকার কিছু মানুষজন। ২৪ ডিসেম্বর, ২০২০ সালের ঘটনা। সঙ্গে-সঙ্গে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারপাশে।
এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে পাণ্ডুয়া থানায় মামলা দায়ের হয়। তদন্তের দায়িত্ব পান ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর বুদ্ধদেব সরকার।
তদন্তে নেমে তিনি স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পারেন যে, পূর্ণিমা টুডু নামের এক মহিলা বেশ কিছু মাস ধরেই গর্ভবতী ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তাঁর সন্তান হওয়ার কোনো খোঁজখবর পাওয়া যায় নি। ফলে সন্দেহের প্রথম তীর গিয়ে পড়ে ওই মহিলার উপরেই। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই উঠে আসে এক নৃশংস সত্য!
স্বামী নারায়ণ টুডু ও স্ত্রী পূর্ণিমা টুডু দু'জনে মিলে খুন করেছে তাদের সদ্য পৃথিবীতে আসা বাচ্চাটিকে! তারপর প্রমাণ লোকাতে তাকে ফেলে দিয়ে এসেছে খালের জলে। অতটুকু ওই বাচ্চাটির অপরাধ? সে মেয়ে!
তদন্তকারী অফিসার সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে সম্পূর্ণ তদন্ত শেষে জমা করেন চার্জশীট।
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অপরাধী দম্পতিকে ১০,০০০/- টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
ভাবা যায়! শুধু মেয়ে হয়ে জন্মানোর অপরাধে একরত্তি একটা শিশুকে মেরে ফেলেছে তার বাবা-মা। ফলাফল? যাবজ্জীবন শ্রীঘরবাস!
সমাজে এইরূপ জঘন্য অপরাধের পরিণতির নিদর্শন স্বরূপ একেবারে উপযুক্ত শাস্তি পেয়েছে দোষীরা।
@HglyRuralPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#WBP #cybersecurity